মুখোমুখি দুই লেখকপক্ষ

আজ মধ্যাহ্নভোজনের পর মুখোমুখি হতে চলেছে দুটি লেখকপক্ষ। না, এ কবি-লড়াই নয়। সাহিত্য-বিতর্কও নয়। ক্রিকেট ম্যাচ। দুটি পক্ষ কারা? এক পক্ষ কবিদের, অন্য পক্ষ কথাসাহিত্যিকদের। কবিপক্ষের নাম দেয়া হয়েছে 'গীতাঞ্জলি স্কোয়াড', কথাসাহিত্যিক দলের নাম 'খোয়াবনামা স্কোয়াড'। যেন ব্যাট-বল হাতে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও আখতারুজ্জামান ইলিয়াস প্রস্তুত। বলা চলে, তাদেরই অশরীরী ইশারায় বাংলাদেশের অতি-তরুণ লেখক থেকে সত্তর দশকের প্রাণবন্ত যুবকেরা আজ মাঠে নামছেন।

গীতাঞ্জলি স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন কবি মোহাম্মদ সাদিক, খোয়াবনামার নেতৃত্বে আছেন জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। তাদের টিম-ম্যানেজার যথাক্রমে কবি খালেদ হোসাইন ও কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের। ম্যাচ আম্পায়ার হিশেবে থাকবেন কবি অনিকেত শামীম ও কবি রাজু আহমেদ মামুন। এ খেলায় কোনো থার্ড আম্পায়ার নেই। খেলাটি উদ্বোধন করবেন কবি কামাল চৌধুরী।

খেলোয়াড়দের বিশেষ নৈপুণ্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হিশেবে প্রদান করা হবে বাংলা সাহিত্যের অমূল্য কিছু বই। বই স্পন্সর করছে 'ঐতিহ্য' সহ আরও দুএকটি প্রকাশনাসংস্থা। এই 'কবি-কথাসাহিত্যিক প্রীতি ক্রিকেট ম্যাচ' বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অনিকেত শামীম এবং সদস্যসচিব মোসাব্বের আহে আলী। উল্লেখ্য যে, প্রায় এক যুগ আগে একই স্থানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে এমনিভাবে লেখকদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় দুটি দলের নামকরণ হয়েছিল চর্যাপদের দুজন পদকর্তার নামে—'কাহ্নপা' ও 'লুইপা'।

অনুষ্ঠীয়মান এই ক্রিকেট ম্যাচ নিঃসন্দেহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখকদের একটি মিলন-মেলায় পরিণত হবে। বিনা টিকিটে বিনা আমন্ত্রণে সবার প্রবেশ এখানে উন্মুক্ত, অবারিত।

64513715_10219298663680951_1542307740787933184_n

সম্পাদক

সম্পাদক


এই লেখকের সব লেখা