ছোটকাগজ নিয়ে আমাদের আবেগ, আদিখ্যেতা ও ভালোবাসার অন্ত নেই। এক দশক আগে লেখকদের জন্য এর চেয়ে ভালো, তাৎপর্যপূর্ণ কোনো প্লাটফর্মের কথা আমরা ভাবতেই পারি নি। বিশেষত বলছি ছাপাখানা থেকে বেরুনো সাহিত্যপত্রিকার কথা। আজকের দিনে ছোটকাগজের চরিত্র নিয়ে বেশ কিছু পত্রিকা, গোষ্ঠী অনলাইনে আবির্ভূত হয়েছে। ফলে প্রশ্ন জাগা স্বাভাবিক, মুদ্রিত সেইসব ছোটকাগজের গুরুত্ব কি হারিয়ে যাচ্ছে?
এই প্রশ্নের সাফ জবাব দেবার সময় এখনও আসে নি বলেই আমাদের বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কিছু ছোটকাগজ তাদের ভূমিকা অব্যাহত রেখেছে। আর সেসব প্রকাশনা নিয়ে লেখক ও পাঠকদের আগ্রহ এখনও অটুট।
এই সাক্ষাৎকার পর্বে আমরা তিনটি ছোটকাগজ বাছাই করেছি। এর মধ্যে 'তৃতীয় চোখ' পত্রিকাটি প্রকাশনায় পনের বছর পূর্ণ করল। 'কবিতাপত্র' পত্রিকা ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় কবিতার কাগজ হয়ে উঠেছে বলা যায়। আর 'হুচ্' পত্রিকাটির বিশেষত্ব এর লেখকগোষ্ঠী আদিবাসী, যারা বাংলা ভাষায় সাহিত্য ও চিন্তার চর্চা করে চলেছেন।
এই তিনটি পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলেছেন কবি সজল সমুদ্র।